ফটিকছড়িতে ট্রান্সফরমার চুরি, কিনতে এবার ১ লাখ টাকা দাবি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তির হাট বাজারের পাশে মহিলা মাদ্রাসার পেছন থেকে বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে মাদ্রাসাসহ আশপাশের প্রায় ২৫টি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমারটি খুলে নিয়ে যায়। রাত আনুমানিক ২টার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে সকালে বিষয়টি জানতে পারেন তারা।

এলাকাবাসীর অভিযোগ, নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য তাদের কাছে এক লাখ টাকা চাওয়া হয়েছে। স্থানীয়রা জানান, গত বছরও একই এলাকায় ট্রান্সফরমার চুরি হয়েছিল এবং সে সময় নতুন ট্রান্সফরমারের জন্য ৩৫ হাজার টাকা দিতে হয়েছিল।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা দ্রুত নতুন ট্রান্সফরমার স্থাপন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে দাঁতমারা সাব-জোনাল অফিসের এজিএম মেহেরাব হোসেন বলেন, ‘এলাকাবাসী অভিযোগ নিয়ে আমার অফিসে এসেছিল। এরপর ঘটনাস্থলে লোক পাঠিয়েছি, এখনো বিস্তারিত রিপোর্ট আমার হাতে আসেনি। সরকারি নীতি অনুযায়ী প্রথমবার চুরি হলে অর্ধেক টাকা গ্রহকদের দিতে হয়। দ্বিতীয়বার চুরি হলে সম্পূর্ণ টাকা গ্রাহককে দিতে হয়। যেহেতু ১৫ কেবি ট্রান্সফরমার চুরি হয়েছে তাদের আনুমানিক একটি দাম বলা হয়েছে মাত্র।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights