ফতুল্লায় নৈশপ্রহরীদের বেঁধে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় নৈশপ্রহরীদের বেঁধে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার দিবাগত রাতে ফতুল্লার দাপা পিলকুনি পাঁচতলা এলাকায় নিউ আলিফ জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

দোকানের কর্মচারী আসিফ হাসান জানান, দোকানের মালিক আল হাসান স্ত্রীর মামলায় বর্তমানে জেল হাজতে রয়েছে। তার অবর্তমানে তার বাবা জাহিদ মিয়া দোকানের দেখাশোনা করেন। গতরাতে দোকান বন্ধ করে যাওয়ার সময় বাহিরে দু’টি শাটারে ৭টি তালা দিয়ে রেখেছিলাম। এর মধ্যে ৪টি তালা ডাকাতরা কেটে দোকানের ভেতরে প্রবেশ করে দেড়শ ভরি রূপা, কাঁচের গ্লাসের ভেতরে সাজানো চার ভরি স্বর্ণের অলংকার, ক্যাশ থেকে নগদ ২০-২৫ হাজার টাকা এবং বিভিন্ন লোকজনের বন্ধক রাখা বিপুল পরিমাণ স্বর্ণের অলংকার ডাকাতরা নিয়ে গেছে। তবে বন্ধক রাখা অলংকারের পরিমাণ জানা নেই তার।
নৈশপ্রহরী রানা জানান, তার সাথে কবির নামে আরেকজন প্রহরী আছে। তারা দু’জন এলাকায় রাত্রীকালীন ডিউটি করার সময় শুক্রবার দিবাগত রাতে একটি পিকআপ ভ্যানে করে ৭/৮জন মুখোশধারী যুবক আসেন। তারা এসেই তাদের দু’জনকে হাত-পা-মুখ ও চোঁখ বেঁধে গাড়িতে আটকিয়ে রাখে। এরপর ডাকাতরা দোকানের তালা কেটে ডাকাতি শেষে চলে যাওয়ার সময় তাদের দু’জনকে সড়কে ফেলে যায়।

ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights