ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা
অনলাইন ডেস্ক
অধিকৃত পশ্চিম তীরের তাইবেহ এলাকায় জলপাই সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বসতি স্থাপনকারী উগ্রবাদীদের অতর্কিত হামলায় আক্রান্ত হয়েছেন ইউরোপীয় কূটনীতিক, একজন ফরাসি মেয়র এবং একজন আর্চবিশপ।
ফিলিস্তিনিদের নিজস্ব জমি থেকে জলপাই উত্তোলনে বাধা দেওয়ার এই সহিংস প্রক্রিয়ায় অন্তত তিনজন আহত হয়েছেন এবং একটি আন্তর্জাতিক কূটনৈতিক যান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবারের এই ঘটনায় উত্তর ফ্রান্সের অলনয়-এমেরিস শহরের মেয়র বের্নার বোদু, তার স্ত্রী এবং কমব্রাইয়ের আর্চবিশপ ভিনসেন্ট দোলমান উগ্রবাদীদের সরাসরি তোপের মুখে পড়েন।
মেয়রের সরকারি ফরাসি প্রতীক সংবলিত স্কার্ফ পরিহিত থাকা অবস্থাতেই মাস্ক পরা এক উগ্রবাদী তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এ সময় প্রায় সাতজনের একটি সশস্ত্র উগ্রবাদী দল তাদের দিকে তেড়ে আসে এবং তীব্র হুমকি দেয়। এর আগে ফরাসি, বেলজিয়াম ও পোল্যান্ডের কূটনীতিকরা ফিলিস্তিনিদের সহায়তায় জলপাই তোলার কার্যক্রমে অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, উগ্রবাদীরা প্রথমে গাছের নিচের অংশে কর্মরত সাধারণ ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়। তারা জলপাই ছিনতাই করার পাশাপাশি সত্তরোর্ধ্ব এক ফিলিস্তিনি নারীকে নির্মমভাবে প্রহার ও গালিগালাজ করে। এ ছাড়া অপর এক ব্যক্তিকে এত মারধর করা হয় যে তার মাথায় ছয়টি সেলাই দিতে হয়েছে।
ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি আক্রমণকারীরা, পরবর্তীতে তারা আন্তর্জাতিক প্রতিনিধিদলের দিকে অগ্রসর হয় এবং বেলজিয়াম মিশনের একটি সাঁজোয়া গাড়ির কাচ ভেঙে চুরমার করে দেয়।
সূত্র: দ্য গার্ডিয়ান
