ফরিদপুরে আলুর বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে আলুর দাম বেড়ে যাওয়ায় হিমাগার ও পাইকারি আড়তগুলোতে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অনিয়মের দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে বারোটা থেকে ৩টা পর্যন্ত ফরিদপুর হাজী শরীয়াতুল্লাহ বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ফরিদপুর হিমাগার লিমিটেড ও হাজী শরীয়তউল্লাহ বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানের সময় দেখা যায়, ফরিদপুর হিমাগার হতে আলু বিক্রেতা কর্তৃক ভাউচার প্রদান করা হচ্ছে না। এ বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করার পর হিমাগার কর্তৃপক্ষ আগামী দিন থেকে ভাউচার ছাড়া আলু বাজারে সরবরাহ করবেন না মর্মে প্রতিশ্রুতি দেন। বাজারে আলু পাইকারি ৪০ টাকা এবং খুচরা ৪৪-৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম বেশি নেয়া ও পাকা ক্রয় রশিদ না থাকায় মেসার্স দয়াল ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাকা ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ ও মূল্য তালিকা হালনাগাদ টানানোর বিষয়ে ব্যবসায়ীদেরকে বিশেষভাবে সচেতন করা হয়।

অভিযানে জেলা পুলিশের ১টি টিম, সিনিয়র বিপণন কর্মকর্তা কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র বিপণন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন এবং সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
বিডি প্রতিদিন/এএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights