ফাইনালের আগে মেসি-ইয়ামালকে নিয়ে যা বললেন বার্সা সভাপতি লাপোর্তা

অনলাইন ডেস্ক

‘দ্য গেটেস্টে শো অন আর্থ’ খ্যাত ফিফা বিশ্বকাপের ২৩ তম আসর শেষে হতে বাকি আর দুই ম্যাচ। দুই মহাদেশের শ্রেষ্ঠত্বের মুকুট বহনকারী আর্জেন্টিনা এবং স্পেন উঠেছে ফাইনালে। তাই শিরোপা নির্ধারণী ম্যাচকে ঘিরে ফুটবল বিশ্বে এখন তুমুল উত্তেজনা। একদিকে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, অন্যদিকে স্পেনের তরুণ বিস্ময় লামিন ইয়ামাল। দুই প্রজন্মের দুই তারকার এই লড়াইয়ের আগে আবেগঘন বার্তা দিয়েছেন বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা।

বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়া থেকে উঠে আসা এই দুই ফুটবলারের প্রশংসা করতে গিয়ে লাপোর্তা বলেন, মেসি ক্লাবটির গৌরবময় ইতিহাসের প্রতীক, আর ইয়ামাল নতুন যুগের প্রতিনিধি।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, “মেসি শুধু বার্সেলোনার নয়, ফুটবল ইতিহাসেরই এক অনন্য নাম। তিনি অতীতের সাফল্যকে বর্তমানের সঙ্গে যুক্ত করেছেন। অন্যদিকে ইয়ামাল বর্তমান সময়ের প্রতিভা, যে ভবিষ্যতে আরও বড় উচ্চতায় পৌঁছানোর সামর্থ্য রাখে।”

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মুখোমুখি হওয়াকে বিশেষ তাৎপর্যপূর্ণ উল্লেখ করে বার্সা সভাপতি বলেন, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে লা মাসিয়ার দুই প্রজন্মের প্রতিনিধিকে দেখা ক্লাবটির জন্য গর্বের বিষয়।

লাপোর্তার ভাষায়, “বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাওয়া দুই তারকাই আমাদের একাডেমির। এটি প্রমাণ করে লা মাসিয়া শুধু ফুটবলার তৈরি করে না, ফুটবলের ভবিষ্যৎও গড়ে দেয়।”

তবে মেসি ও ইয়ামালের তুলনা করতে রাজি নন তিনি। তার মতে, দুজনই ভিন্ন সময়ের ভিন্ন ধরনের প্রতিভা। মেসি নিজের কীর্তিতে অনন্য, আর ইয়ামাল নিজের পথ তৈরি করছে।

তিনি বলেন, “মেসি মানেই মেসি। তাকে অন্য কারও সঙ্গে তুলনা করা কঠিন। তিনি ইতিহাসের সেরা ফুটবলারদের একজন। আর ইয়ামাল বর্তমান সময়ের সবচেয়ে প্রতিভাবান তরুণদের একজন, যার মধ্যে অসাধারণ সৃজনশীলতা ও ফুটবল বুদ্ধিমত্তা রয়েছে।”

একদিকে ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা মেসি, অন্যদিকে বিশ্ব ফুটবলের আগামী দিনের মুখ হয়ে ওঠা ইয়ামাল।

ফ্রান্সকে হারিয়ে স্পেন এবং ইংল্যান্ডকে বিদায় করে আর্জেন্টিনা ফাইনালে জায়গা করে নিয়েছে। বিশ্বকাপের ফাইনালে শুধু দুই দলের লড়াই নয়, দর্শকদের চোখ থাকবে মেসি ও ইয়ামালের দিকেও। কারণ ফাইনালের মঞ্চে একসঙ্গে দেখা যেতে পারে ফুটবলের ইতিহাস, বর্তমান এবং ভবিষ্যৎকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights