বরিশালে বিশ্বসাহিত্য কেন্দ্রের পুরস্কার পেল দুই হাজার ৭৭৬ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীর ৩৫টি বিদ্যালয়ের দুই হাজার ৭৭৬ জন কৃতী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র। শুক্রবার বরিশাল শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তাদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা আলোকিত, মানবিক ও জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তুলতে বই পড়ার আহ্বান জানান। বিশেষ অতিথি বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ডা. আবদুন নূর তুষার বলেন, বই পড়ার মাধ্যমে নতুন দেশ, সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে পরিচিত হওয়া যায়; মানুষের চিন্তার পরিধি প্রসারিত হয়।

প্রধান অতিথি বরিশাল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. ওবায়দুল্লাহ শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি নিয়মিত ভালো বই পড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে জানানো হয়, এ বছর ২ হাজার ৩৭ জন শিক্ষার্থী ‘শুভেচ্ছা’, ৬৯০ জন ‘অভিনন্দন’ এবং ৪৯ জন ‘সেরা পাঠক’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে।

এতে বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের সমন্বয়কারী বাহাউদ্দিন গোলাপ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বরিশাল অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, এভারেস্টজয়ী পর্বতারোহী এমএ মুহিত, জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল জব্বার, গ্রামীণফোনের বরিশাল অঞ্চলের রিজিওনাল হেড মো. শাহিনুর রহমান এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো. আসাদুজ্জামান।

এবার প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য ‘অনলাইন সেফটি ফান্ডামেন্টালস’ শীর্ষক সচেতনতামূলক অনলাইন কোর্স চালু করা হয়েছে। পাশাপাশি ‘অনলাইন সেফটি কর্নার’-এ অভিভাবক ও শিক্ষকদের নিরাপদ ও দায়িত্বশীল ইন্টারনেট ব্যবহার সম্পর্কে সচেতন করা হয়। দিনব্যাপী এ আয়োজনের পৃষ্ঠপোষক ছিল গ্রামীণফোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights