ফিলিস্তিনপন্থী পদযাত্রা, সিঙ্গাপুরে তিন নারী অধিকারকর্মীকে বড় অংকের জরিমানা

অনলাইন ডেস্ক
সিঙ্গাপুরে ফিলিস্তিনের সমর্থনে পদযাত্রা আয়োজনের দায়ে তিন নারী অধিকারকর্মীকে বড় অংকের জরিমানা করেছে দেশটির উচ্চ আদালত। বৃহস্পতিবার হাইকোর্টের এক রায়ে পূর্বের খালাসের সিদ্ধান্ত বাতিল করে মোসাম্মৎ সবিকুন নাহার, সিটি আমিরাহ মোহাম্মদ আসরোরি এবং কোকিলা আন্নামালাইকে ৩ হাজার সিঙ্গাপুরি ডলার করে জরিমানা করা হয়।

গত বছর নিম্ন আদালত তাদের খালাস দিলেও রাষ্ট্রপক্ষের আপিলের প্রেক্ষিতে এই নতুন রায় ঘোষণা করা হলো।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং ইসরায়েলের সাথে সিঙ্গাপুরের সম্পর্ক ছিন্ন করার দাবিতে একটি শপিং মল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রার নেতৃত্ব দিয়েছিলেন এই তিন নারী। প্রায় ৭০ জন মানুষের সেই মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ফিলিস্তিনের প্রতীক হিসেবে পরিচিত তরমুজ আঁকা ছাতা দেখা গিয়েছিল। সিঙ্গাপুরের কঠোর আইনের কারণে অনুমতি ছাড়া জনসমাগম নিষিদ্ধ থাকলেও তারা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পৌঁছে দিতে এই পদক্ষেপ নিয়েছিলেন।

পরবর্তীতে ২০২৪ সালের জুনে তাদের বিরুদ্ধে অনুমতি ছাড়া নিষিদ্ধ এলাকায় মিছিল করার অভিযোগে মামলা করা হয়। মামলার বিচারে শুরুতে তাদের খালাস দিয়ে বিচারক বলেছিলেন যে, তারা আইন না ভাঙার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। তবে বৃহস্পতিবার উচ্চ আদালত সেই রায় পাল্টে দিয়ে জানায়, পদযাত্রাটি বৈধ কি না সে বিষয়ে আয়োজকদের আরও সচেতন হওয়া উচিত ছিল। সাজাপ্রাপ্ত অন্যতম অধিকারকর্মী কোকিলা আন্নামালাই এই রায়ের পর বিবিসিকে বলেন, সিঙ্গাপুরে গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই বাকি আছে এবং নাগরিকদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর অধিকার থাকা উচিত। সিঙ্গাপুর সরকার সামাজিক স্থিতিশীলতার দোহাই দিয়ে কঠোর নিয়ম বজায় রাখলেও অ্যাক্টিভিস্টরা একে মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী বলে দাবি করছেন।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights