ফুলগাজী ও পরশুরামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত
ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজী ও পরশুরামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। উজান থেকে নেমে আসা ঢলে আজও নতুন নতুন গ্রাম প্লাবিত হয়েছে। মুহুরী ও কহুয়া নদীর ভাঙা বাঁধ দিয়ে এখনও উজান থেকে পানি লোকালয়ে প্রবেশ করছে। তৃতীয় দিনের মতো ফুলগাজী টু পরশুরাম সড়কে এখনও রয়েছে পানি। দুই উপজেলার অন্তত ১০টি গ্রামের মানুষ এখনও রয়েছে পানিবন্দি। মানবতর জীবন যাপন করছেন তারা।
গত সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে মুহুরী নদীর ফুলগাজীর ২টি স্থানে ও দুপুরে পরশুরামে কুহুয়া নদীর ১টি স্থানে বাঁধ ভেঙে দুই উপজেলার ৮গ্রাম প্লাবিত হয়। নতুন করে কোন স্থানে ভাঙন সৃষ্টি না হলেও পূর্বে ভাঙা স্থান দিয়ে এখনও পানি প্রবেশ করছে। এতে নতুন করে আরো দুই গ্রাম প্লাবিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানান, নদীর পানি এখন বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানকার ফ্ল্যাস ফ্লাডের ঢল একদিক দিয়ে লোকালয়ে প্রবেশ করে অপর দিকে দিয়ে ফেনী নদী হয়ে সমুদ্রে চলে যায়। এ কারণে নতুন করে নিম্নাঞ্চলের গ্রামগুলো প্লাবিত হয়েছে। পানি নেমে গেলেই বাঁধের সংস্কার করা হবে।
এদিকে বন্যার্তদের মাঝে প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।
