ফুলপুরে অনুপস্থিত ৬ ইউপি চেয়ারম্যানদের দায়িত্ব পালন করবেন যারা
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় গত ৫ আগস্টের পর থেকে ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অফিসে অনুপস্থিত রয়েছেন। এতে জটিলতা তৈরি হয়েছে। প্যানেল চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়া হলেও তারা সঠিকভাবে দাপ্তরিক ও নাগরিক সেবামূলক কাজ করতে না পারায় ভোগান্তির শিকার হচ্ছেন নাগরিকরা।
তাই বুধবার (২০ নভেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের এসব ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়।
১নং ছনধরা ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেয়েছেন ফুলপুর উপজেলা সমাজসেবা অফিসার, ৩নং ভাইটকান্দি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেয়েছেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, ৪নং সিংহেশ্বর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ৫নং ফুলপুর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেয়েছেন উপজেলা কৃষি অফিসার, ৮নং রূপসী ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ও ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন একাডেমিক সুপার ভাইজার।
উল্লেখ্য, ২ নং রামভদ্রপুর ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান রুকন, ৬নং পয়ারী ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম, ৭ নং রহিমগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ একরামুল হক চৌধুরী পান্না ও ১০ নং বওলা ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম ডালিম অফিসে উপস্থিত থেকে নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।
