ফুলপুরে ২০ বোতল মদসহ মাদক কারবারি আটক
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে ২০ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার তাকে আটক করা হয়।
জানা যায়, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. আতাহারুল ইসলাম তালুকদার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে মাদক কারবারিদের একটি চক্র ভারত থেকে মাদক এনে ফুলপুর পৌরসভার কুড়িয়ার ব্রিজের দক্ষিণ পাশ এলাকায় মাদক বেঁচাকেনা করছে। এমন সংবাদ পেয়ে তিনি ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনকে বিষয়টি অনুসন্ধানের দায়িত্ব দেন। পরে ওসি আব্দুল্লাহ আল মামুনের দিক নির্দেশনায় এসআই জাহিদ হাসান সবুজের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ফুলপুর পৌরসভার কুড়িয়ার ব্রিজ এলাকায় অবস্থান নেয়। মাদক কারবারিরা তখন মোটরসাইকেলযোগে এসে ওই এলাকায় মাদক বেঁচাকেনা করছিল।
এমতাবস্থায় অভিযান চালিয়ে আশিক রানা ওরফে বাবু (২৩) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করে এসআই জাহিদ হাসানের টিম। পরে তার নিকট থেকে দুটি ব্যাগ জব্দ করা হয়। ওই ব্যাগ দুটিতে ২০ বোতল ভারতীয় মদ ছিল। এসময় আরও দুজন দৌড়ে পালিয়ে যায়। আটক মাদক কারবারি বাবু গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বাচ্চু সরকারের বাড়ি সংলগ্ন আনসার আলী ও মাজেদা খাতুনের ছেলে।
এসআই জাহিদ জানান, ২০ বোতল এসি মদ জব্দ করা হয়েছে যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা।
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আশিক রানা ওরফে বাবুর নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে এবং তাকে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।
