ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসেবে ওয়ারশকেই মনোনয়ন দিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের বর্তমান চেয়ারম্যান জেরোম পাওয়েলের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন সিদ্ধান্তের কথা জানালেন। শুক্রবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক বার্তায় ট্রাম্প জানান, তিনি ফেডারেল রিজার্ভের ১৭তম চেয়ারম্যান হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর কেভিন ওয়ারশকে মনোনীত করেছেন। ওয়ারশকে দীর্ঘদিনের পরিচিত এবং দক্ষ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি আশাবাদ ব্যক্ত করেন, তিনি মার্কিন ইতিহাসের অন্যতম সেরা ফেড চেয়ারম্যান হিসেবে নিজেকে প্রমাণ করবেন।

চলতি বছরের মে মাসে জেরোম পাওয়েলের মেয়াদ শেষ হতে যাচ্ছে। তার উত্তরসূরি হিসেবে মনোনীত ৫৫ বছর বয়সী কেভিন ওয়ার্শ বর্তমানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির হুভার ইনস্টিটিউশনে ভিজিটিং ফেলো হিসেবে কর্মরত আছেন। এর আগে ২০০৬ সালে মাত্র ৩৫ বছর বয়সে সর্বকনিষ্ঠ গভর্নর হিসেবে ফেডারেল রিজার্ভে যোগ দিয়ে ইতিহাস গড়েছিলেন তিনি। জর্জ ডব্লিউ বুশের আমলে হোয়াইট হাউসের অর্থনীতিবিদ হিসেবে কাজ করার পাশাপাশি বিশ্বমন্দার সময় আর্থিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ওয়ারশ।

তবে এই মনোনয়ন নিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক সময় কট্টর মুদ্রাস্ফীতিবিরোধী হিসেবে পরিচিত থাকলেও সাম্প্রতিক মাসগুলোতে ওয়ারশ সুদের হার কমানোর পক্ষে মত দিয়েছেন। এটা ট্রাম্পের অর্থনৈতিক দর্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ। সমালোচকরা ২০০৯ সালের মন্দার সময় তার মুদ্রাস্ফীতি সংক্রান্ত ভুল পূর্বাভাসের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। অন্যদিকে, তার সমর্থকরা মনে করেন তিনি অত্যন্ত অভিজ্ঞ এবং গুরুতর নীতিনির্ধারক।

ওয়ারশের এই নিয়োগ প্রক্রিয়া এখন সিনেট ব্যাংকিং কমিটির শুনানির মুখোমুখি হবে। তবে বর্তমান চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের চলমান তদন্তের কারণে সিনেটে এই নিশ্চিতকরণ প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা রক্ষা এবং সুদের হার নিয়ে প্রেসিডেন্টের সম্ভাব্য চাপের বিষয়ে সিনেটরদের কড়া প্রশ্নের সম্মুখীন হতে পারেন এই হবু ফেড প্রধান।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights