ফেনী গার্লস ক্যাডেট কলেজে জিপিএ-৫ কমেছে, পাসের সাফল্য অক্ষুণ্ণ

ফেনী প্রতিনিধি

ফেনী গার্লস ক্যাডেট কলেজে এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য অব্যাহত রয়েছে। তবে টানা চার বছর সব পরীক্ষার্থীর জিপিএ-৫ পাওয়ার রেকর্ড এবার ধরে রাখতে পারেনি প্রতিষ্ঠানটি। এবার ৬১ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৫ জন।

শনিবার (৩১ অক্টোবর) কুমিল্লা শিক্ষাবোর্ড প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

কলেজটির গত চার বছরের ফলাফল পর্যালোচনায় দেখা যায়, ২০২৫ সালে ৪৮ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ অর্জন করেন। এর আগে ২০২৪ সালে ৫৫ জন, ২০২৩ সালে ৫৭ জন এবং ২০২২ সালে ৫৫ জন পরীক্ষার্থীর প্রত্যেকেই পেয়েছিলেন সর্বোচ্চ এই গ্রেড। ফলে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা চার বছর শতভাগ জিপিএ-৫ অর্জনের রেকর্ড ছিল প্রতিষ্ঠানটির। চলতি বছর সেই ধারাবাহিকতায় ছেদ পড়লেও শতভাগ পাসের সাফল্য অক্ষুণ্ণ রয়েছে।

এদিকে, এবারের এইচএসসি পরীক্ষায় ফেনী জেলার ৪১টি কলেজের শিক্ষার্থীরা ১১টি কেন্দ্রে অংশ নেন। জেলায় মোট পরীক্ষার্থী ছিলেন ৯ হাজার ৪৭১ জন। তাদের মধ্যে ছাত্র তিন হাজার ৮৭২ এবং ছাত্রী পাঁচ হাজার ৫৯৯ জন। উত্তীর্ণ হয়েছেন মোট চার হাজার ৯৪০ জন।

উত্তীর্ণদের মধ্যে ছাত্র এক হাজার ৬৭৮ এবং ছাত্রী তিন হাজার ২৬২ জন। জেলায় সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জন করেছেন ১৪১ শিক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights