ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
ফেনী প্রতিনিধি
ফেনীর সীমান্ত এলাকায় একাধিক অভিযান চালিয়ে কোটি টাকা সমমূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার রাতে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়।
শুক্রবার (২২ নভেম্বর) বিজিবি ৪ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার রাজেষপুর, দেবপুর, ছাগলনাইয়া, চম্পকনগর এবং মধুগ্রাম বর্ডার আউট পোস্ট (বিওপি) এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে এসব এলাকা থেকে ভারতীয় লেহেঙ্গা, শাড়ি, কাশ্মিরি চাদর, থ্রি পিস, চশমা এবং ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি ১৮ লাখ চার হাজার ৪০০ টাকা।
এসব মালামাল কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানায় বিজিবি।
