আন্দোলনে ১২ শিক্ষার্থীকে গুলি করে হত্যা : ফেনীতে তিন আসামি গ্রেফতার
ফেনী প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট ফেনীর মহিপালে ১২ শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় জেলার বিভিন্ন স্থান থেকে এজাহারভুক্ত ও সন্দেহভাজন তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে ফেনী মডেল থানা থেকে আসামিদের আদালতে পাঠানো হয়।
গ্রেফতার আসামিরা হলেন, সোনাগাজীর সামছুল হুদা খন্দকারের সন্তান আমজাদ হোসেন (৩০), ছাগলনাইয়া পৌর এলাকার বাসিন্দা নিজাম উদ্দীন শিমুলের ছেলে রিফাস উদ্দিন তাসিব (২১) এবং সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের বাসিন্দা মৃত আবদুল মালেক ভূঁইয়ার ছেলে আবুল খায়ের মিলন (৪২)।
এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
আন্দোলনে ছাত্র হত্যা মামলায় জড়িতদের ব্যাপারে পুলিশের অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।
