ফ্যাশন আর বয়সের লড়াইয়ে মিলেনিয়ালরা পিছিয়ে

অনলাইন ডেস্ক
৪১ বছর বয়সী জি সেউং-রিয়েল নিজের ফ্যাশন সচেতনতা নিয়ে গর্ব করেন। আয়নার সামনে দাঁড়িয়ে তোলা ছবি তিনি নিয়মিত ইনস্টাগ্রামে শেয়ার করেন। সেখানে যত বেশি লাইক, তত বেশি কুল বা স্মার্ট বলে ধরে নেওয়া হয়।

কিন্তু সম্প্রতি দক্ষিণ কোরিয়ার এই বাসিন্দা লক্ষ্য করেন, তাঁর বয়সী পুরুষেরা অনলাইনে বিদ্রূপের লক্ষ্যবস্তু হয়ে উঠছেন। জেন জি এবং তুলনামূলক তরুণ মিলেনিয়ালদের ফ্যাশন অনুকরণ করার অভিযোগে তাঁদের নিয়ে ঠাট্টা করা হচ্ছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সেউং-রিয়েলের বয়সী পুরুষদের নিয়ে তৈরি ব্যঙ্গচিত্রে সোশ্যাল মিডিয়া ভরে গেছে। এসব ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা, যেখানে দেখা যায় একজন মধ্যবয়সী ব্যক্তি আধুনিক স্ট্রিট ওয়্যার পরে হাতে আইফোন নিয়ে দাঁড়িয়ে আছেন। তরুণেরা তাঁদের ডাকছে ইয়ং ফর্টিজ নামে।

এই ট্রলের কারণে সেউং-রিয়েলের প্রিয় নাইকি এয়ার জর্ডান জুতো, স্টুসি টি শার্ট এখন হাসাহাসির বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি তাঁকে ক্ষুব্ধ করেছে।

বিবিসিকে তিনি বলেন, আমি শুধু সেসব জিনিসই কিনছি এবং পরছি, যেগুলো আমি অনেক আগে থেকেই পছন্দ করতাম। এখন সেগুলো কেনার সামর্থ্য হয়েছে। এর জন্য আমাকে আক্রমণ করার কী আছে।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, নব্বইয়ের দশকে যাঁরা একসময় রুচির পথপ্রদর্শক ছিলেন, গত সেপ্টেম্বর আইফোন ১৭ বাজারে আসার পর তাঁদের প্রতি তরুণদের দৃষ্টিভঙ্গি বদলে যেতে শুরু করে। যে আইফোন একসময় তরুণদের ফ্যাশনের প্রতীক ছিল, সেটিই এখন ইয়ং ফর্টিজদের বেমানান বা সস্তা স্টাইল হিসেবে দেখা হচ্ছে।

জেন জি প্রজন্মের সদস্য জং জু ইউনের ভাষায়, এরা এমন মানুষ যারা তরুণ দেখানোর জন্য মরিয়া চেষ্টা করে এবং সময় যে পেরিয়ে গেছে তা মানতে চায় না।

পরিসংখ্যানও এই পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দক্ষিণ কোরিয়ার তরুণেরা এখনো স্যামসাং গ্যালাক্সির তুলনায় আইফোন বেশি পছন্দ করলেও গ্যালাপের গবেষণা অনুযায়ী, গত এক বছরে জেন জি গ্রাহকদের মধ্যে অ্যাপলের বাজার হিস্যা চার শতাংশ কমেছে। বিপরীতে চল্লিশোর্ধ্ব বয়সীদের মধ্যে তা বেড়েছে বারো শতাংশ।

কোরিয়া ইউনিভার্সিটির সেজং ক্যাম্পাসের সমাজবিজ্ঞানের অধ্যাপক লি জে ইন বলেন, সোশ্যাল মিডিয়ার কারণে এই প্রজন্মগত দ্বন্দ্ব আরও তীব্র হয়েছে। এখন একই প্ল্যাটফর্মে একাধিক প্রজন্মের মানুষ একসঙ্গে অবস্থান করছে। আগে যেখানে প্রজন্মগুলো আলাদা সাংস্কৃতিক বলয়ে থাকত, সেই বিভাজন এখন অনেকটাই ভেঙে গেছে।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights