ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট

অনলাইন ডেস্ক
ইউরোপের বেলজিয়াম, সুইডেন ও লুক্সেমবার্গের কয়েক ডজন সুপারমার্কেটে সাইবার হামলার সন্দেহ করা হচ্ছে। এতে দোকানগুলোর রেফ্রিজারেটর ও ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়ে যাওয়ায় কোটি কোটি ইউরো মূল্যের খাদ্যপণ্য ফেলে দিতে হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। আয়ারল্যান্ডের ১৩টি সুপারভ্যালু দোকানও এ ঘটনায় আক্রান্ত হয়েছে।

বেলজিয়াম ও লুক্সেমবার্গে সুপারমার্কেট চেইন ডেলহেইজের প্রায় ৪০টি শাখা এ ঘটনার শিকার হয়েছে। বেলজিয়ামের অন্যতম বড় এই প্রতিষ্ঠান স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, রাতের বেলায় তাদের এসব শাখায় একটি ‘কম্পিউটার-সংক্রান্ত ঘটনা’ ঘটেছে।

ফ্লেমিশ ব্রাবান্ট প্রদেশের হুভেলার্ট এলাকার একটি ডেলহেইজ শাখার ব্যবস্থাপক সংবাদমাধ্যম ‘হেট লাতস্তে নিউউস’কে জানিয়েছেন, তাদের দোকানে প্রায় এক লাখ ইউরো মূল্যের খাদ্যপণ্য নষ্ট হয়েছে। দোকান বন্ধ রাখার কারণে সম্ভাব্য অতিরিক্ত ক্ষতির হিসাব এতে অন্তর্ভুক্ত করা হয়নি।

ফরাসি মালিকানাধীন সুপারমার্কেট চেইন ক্যারিফোর জানিয়েছে, বেলজিয়ামে তাদের ১৫টি দোকান এ ঘটনায় আক্রান্ত হয়েছে। তবে পরিস্থিতি সামাল দিতে দ্রুত ব্যবস্থা নেওয়ায় সব শাখা খোলা রাখা সম্ভব হয়েছে।

সুইডেনে আইসিএ ও কুপের কয়েকটি দোকানও আক্রান্ত হয়েছে। আইসিএর এক মুখপাত্র জানিয়েছেন, প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় নেটওয়ার্কের বাইরে পরিচালিত অল্পসংখ্যক দোকানে এ ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত শাখাগুলোকে পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করছে প্রতিষ্ঠানটি।

দক্ষিণ সুইডেনের স্যোবো এলাকার একটি আইসিএ শাখা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, রাতের বেলায় তাদের ফ্রিজ ও ফ্রিজার হ্যাক করে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণ করা হয়েছিল। দোকানটি সাময়িকভাবে বন্ধ থাকলেও পরে আবার চালু হয়েছে। রাজধানী স্টকহোমের একটি শাখায় নষ্ট হয়ে যাওয়া খাবারের ব্যাগ ফেলে দিতে দেখা গেছে কর্মীদের।

সুইডেনে কুপের ৮০০ দোকানের মধ্যে সাতটি আক্রান্ত হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

হামলার পেছনে কারা রয়েছে, তা এখনও জানা যায়নি। বেলজিয়াম ও সুইডেনের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা ঘটনাটি পর্যবেক্ষণ করছে। গত মাসেও ফ্রান্সের কয়েক শ সুপারমার্কেটে একই ধরনের ঘটনা ঘটেছিল। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights