ফ্লাইওভারে গাড়িকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা, আহত ৬
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া শহরের ফ্লাইওভারের উপর দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ ছয়জন আহত হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ফ্লাইওভারের উপর শহর থেকে কাউতলিমুখী একটি প্রাইভেটকার অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় একটি রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ছয়জন আহত হন।
আহতরা হলেন-প্রাইভেটকারের যাত্রী মীর জসিম উদ্দিন, তার স্ত্রী সালেহা বেগম, মা কামরুনেছা, মোটরসাইকেল চালক মাইনুল ইসলাম, রিকশা চালক রাসেল ও অটোরিকশাচালক সুমন মিয়া। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
