ফ্লাইদুবাইয়ের সেই ক্যাপ্টেনের ভূয়সী প্রশংসা করলেন শাহরুখ-সালমান

অনলাইন ডেস্ক

দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইটে ঘটা গুরুতর নিরাপত্তা সংকটের সময় সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির পরিচয় দেওয়ায় ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেন স্মিত মচ্ছারের ভূয়সী প্রশংসা করেছেন বলিউডের দুই মেগাস্টার শাহরুখ খান এবং সালমান খান।

গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটটিতে ১৭৪ জন যাত্রী ছিলেন। ফ্লাইট চলাকালীন ককপিটের ভেতর সহ-পাইলটের আকস্মিক হামলার শিকার হয়ে গুরুতর আহত হন ক্যাপ্টেন মচ্ছার। তবে নিজের আঘাত ও শারীরিক যন্ত্রণার তোয়াক্কা না করে তিনি অসাধারণ সাহসিকতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন এবং ককপিটের দরজা খুলে দেওয়ায় ক্রু ও যাত্রীরা দ্রুত হস্তক্ষেপে সক্ষম হন। পরবর্তীতে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়।

এই সাহসী পাইলটের বীরত্বে মুগ্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলিউড বাদশা শাহরুখ খান লিখেছেন, ক্যাপ্টেন স্মিত মচ্ছার, যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন আপনি পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে নিজের নিরাপত্তা বিসর্জন দিয়ে যাত্রীদের রক্ষা করেছেন। তার এই কাজকে দায়িত্ব ও সাহসিকতার এক অনন্য নিদর্শন বলে উল্লেখ করে তিনি জানান, পুরো দেশ তাকে নিয়ে গর্বিত।

এদিকে, সালমান খানও ক্যাপ্টেনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন, কামাল করে দিয়েছেন পাইলটজি, আমরা সবাই আপনাকে স্যালুট জানাই। আপনার সঙ্গে বিমানে ভ্রমণ করাটা সত্যিই দারুণ আনন্দের হবে।

সূত্র: গালফ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights