বগুড়ায় বিএনপি সভাপতির বহিষ্কারের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ার সারিয়াকান্দিতে পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনির বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে প্রেস ক্লাবের সামনে পৌর বিএনপির একাংশের আয়োজনে এ সমাবেশের আয়োজন করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মাহমুদ বিতান মেম্বার, বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন বেবি, উপজেলা শ্রমিক দলের সভাপতি আসাদুজ্জামান খোকন, পৌর বিএনপির সহ-সভাপতি ইউনুস আলী মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক একেএম মাসুদুর রহমান রিবন, পৌর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ভুট্টা মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েকদিন আগে পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলীকে থানা থেকে মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছেন। আওয়ামী লীগের দোসরদের সহযোগিতার প্রতিবাদে তাকে বহিষ্কারের দাবি জানান তারা।
