বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ার নন্দীগ্রামে মসজিদে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুলু মিয়া (৬২) নামের এক মুয়াজ্জিনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৩ আগস্ট) ভোরে পৌরসভার বৈলগ্রাম উত্তরপাড়া পুরাতন জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বুলু মিয়া ওই গ্রামের মৃত তাছিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের আজান দেওয়ার উদ্দেশ্যে বুলু মিয়া ভোরে বাড়ি থেকে মসজিদের দিকে রওনা দেন। মসজিদের সামনে সড়কে পড়ে থাকা বৈদ্যুতিক তারে পা দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম জানান, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
