বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ায় আজহারুল ইসলাম শান্ত (২৪) নামের এক যুবকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকাল সাড়ে চারটার দিকে শহরের চকফরিদ কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শান্ত সারিয়াকান্দি উপজেলার কুপতারা সাহাপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। সে সৈয়দ আহম্মেদ কলেজে ডিগ্রীতে পড়াশোনার পাশাপাশি ইন্টারনেটের ব্যবসা করতো। দীর্ঘদিন ধরে তারা শহরের ফুলদিঘী এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলো।
নিহতের ভাই হাসিবুল ইসলাম জানান, শান্ত এবং তার বন্ধু ইমরান মিলে ইন্টারনেটের ব্যবসা করতো। বিকালে ইন্টারনেটের কাজ করার জন্য বাসা থেকে বের হয় শান্ত। সে ফোনে জানায় কিছুক্ষণ পরেই বাসায় ফিরবে। পরে শুনি তাকে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে।
তিনি আরও জানান, কারও সাথে প্রকাশ্য শত্রুতা আছে কিনা তা আমরা জানিনা। তবে শুনছি এলাকায় একটা গ্রুপের সাথে কোন একটা বিষয় নিয়ে শান্তর কথা-কাটাকাটি হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে আমার ভাইকে হত্যা করা হয়ে থাকতে পারে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, দুর্বৃত্তরা শান্তকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও জানা যায়নি। পুলিশের একাধিক টিম কাজ করেছে। দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights