বগুড়ায় শয়ন ঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় শয়ন ঘর থেকে বাটুল মিয়া নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাটুল মিয়া ওই গ্রামের আবু মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন মিস্ত্রি ছিলেন।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হাসান জানান, বাটুলের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা এলাকায়। তিনি প্রায় দুই বছর আগে এ গ্রামে এসে বাড়ি করে সেখানে বসবাস শুরু করেন। বেশিরভাগ সময় সে একাই এ বাড়িতে থাকতেন। বাটুলের স্ত্রী বগুড়া শহরে গৃহকর্মীর কাজ করেন। গত ১৩ অক্টোবর বাটুলের সাথে শেষ কথা হয় স্থানীয়দের।

এরপর সোমবার সকালে তার বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে পাশের বাড়ির লোকজন তার শয়ন কক্ষে বাটুলকে মৃত অবস্থায় দেখতে পায়। পরবর্তী সময়ে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে বাটুলের মরদেহ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights