বগুড়ায় সড়ক নিরাপদ রাখতে হাইওয়ে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ার নন্দীগ্রামে মহাসড়ক নিরাপদ রাখতে যানজট ও দুর্ঘটনা হ্রাস করে জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদানের লক্ষ্যে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের নন্দীগ্রাম হতে শাকপালা-মোকামতলা পর্যন্ত সচেতনতামূলক কার্যক্রম করে বগুড়া রিজিয়নের কুন্দারহাট হাইওয়ে পুলিশ।

এ সময় বগুড়া-নাটোর মহাসড়কে রিকশা-ভ্যান, সিএনজিসহ থ্রি-হুইলার চলাচল ঠেকাতে সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকাগুলোকে গুরুত্ব দিয়ে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা ও দোকান সরিয়ে নিতে অনুরোধ জানানো হয়।

জানা যায়, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ করে গ্রামীণ সড়কে সীমাবদ্ধ থাকা ও সড়কের জায়গার দুই পাশের অবৈধ স্থাপনা, দোকানের মালামাল, গাছের গুঁড়ি ও ইট-বালি সরিয়ে নিতে মাইকিং করা হচ্ছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশ নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ঝুঁকিপূর্ণভাবে যাত্রী পরিবহন প্রতিরোধ, সড়কে পার্কিং ঠেকানো, স্পিড গান দিয়ে গতি পরীক্ষা এবং সচেতনতামূলক পথসভা চলমান রয়েছে। রাতে মহাসড়কে নিরাপত্তায় হাইওয়ে পুলিশের পাশাপাশি মহাসড়ক ও আঞ্চলিক সড়কে টহল জোরদার রেখেছে থানা পুলিশ। এছাড়াও মাদক উদ্ধারে সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম করা হয়।
অভিযানকালে যানবাহনের চালক, মালিক, যাত্রী, পথচারী, দোকানি ও স্থানীয় জনসাধারণের সাথে কথা বলেন নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন আজম এবং কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মো. আব্বাস আলী। এ সময় উপস্থিত ছিলেন থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম, হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক মো. আবেদীনসহ দুই টিমের অন্যান্য সদস্যরা।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মো. আব্বাস আলী জানান, সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা, থ্রি-হুইলার, অদক্ষ চালক ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল সড়ক দুর্ঘটনার কারণ। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। মহাসড়কে থ্রি-হুইলার পাওয়া গেলে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করে সময়-সুযোগ দেওয়া হচ্ছে। কথা না শুনলে পুলিশ কঠোর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights