বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে পাঠশালার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে পাঠশালার উদ্বোধন ও শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে জেলা ছাত্রদল। রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শহরের স্টেশন কলোনিতে সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
আনুষ্ঠানিকভাবে পাঠশালার উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশীদ সন্ধান সরকার। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশীদ সন্ধান সরকার বলেন, ভাষা আন্দোলনের চেতনায় শিক্ষার প্রসারই হতে পারে প্রকৃত শ্রদ্ধা নিবেদন। সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে ছাত্রদল বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি হাতে নিয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। এই পাঠশালায় সপ্তাহে তিন দিন সেচ্ছাশ্রমে পাঠদান করাবেন সরকারি আজিজুল হক কলেজ, মুজিবুর রহমান মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতৃবৃন্দ। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
এসময় বগুড়া জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এই পাঠশালার মাধ্যমে নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালনা করা হবে। যাতে পথশিশুরা প্রাথমিক শিক্ষার সুযোগ পায় এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হয়। এসময় ১৫০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে খাতা, কলম, বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
