আন্তবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস ফেস্টে চ্যাম্পিয়ন আইইউবি

অনলাইন ডেস্ক

ইন্টার-ইউনিভার্সিটি টেবিল টেনিস ফেস্ট ২০২৬-এর পুরুষ দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। একই প্রতিযোগিতায় নারী দলগত বিভাগে চতুর্থ হয়েছেন আইইউবির এক নারী শিক্ষার্থী।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের আয়োজনে দুই দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ঢাকার শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে। এতে দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয় থেকে ১৭৪ জন পুরুষ ও ৩৬ জন নারী খেলোয়াড় অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে জাতীয় পর্যায়ের র‍্যাংকিংপ্রাপ্ত খেলোয়াড়ও ছিলেন।

এলিট পর্যায়ের পুরুষ দলগত ফাইনালে আইইউবি ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতে নেয়। এর আগে সেমিফাইনালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং কোয়ার্টার ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশকে পরাজিত করে তারা। চ্যাম্পিয়ন হওয়ায় আইইউবি দল ট্রফির পাশাপাশি ১৫ হাজার টাকা প্রাইজমানি পায়।

আইইউবির পুরুষ দলের সদস্য ছিলেন রামহিমলিয়ান বম (সোশাল সায়েন্সস অ্যান্ড হিউম্যানিটিজ), রিফাত মাহমুদ সাব্বির (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন), মো. তালহা (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), তালুকদার মো. আব্দুল্লাহ (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) এবং মোহাম্মদ জুবাইর খান প্রিতম (মার্কেটিং)।

নারী এককের এলিট শ্রেণিতে আইইউবির সায়মা হলের আবাসিক শিক্ষার্থী মোছা. ইম্পা খাতুন (সমাজবিজ্ঞান ও মানববিদ্যা) চতুর্থ স্থান অর্জন করেন। এই ইভেন্টে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন। একই বিভাগে আইইউবির শারমিন ইসলাম শ্রদ্ধা (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ওঠেন। নারী দলের আরেক সদস্য ছিলেন সাদিয়া তাবাসসুম শাওন (মাইক্রোবায়োলজি)।

১৭ ফেব্রুয়ারি শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ছিল তুরাগ অ্যাকটিভ। আইইউবি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মো. হাফিজুর রহমান এবং মো. কামরুজ্জামান। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ সমন্বয়ে করে আইইউবির ডিভিশন অফ স্টুডেন্ট অ্যাক্টিভিটিজ (ডোসা)।

রামহিমলিয়ান বম ২০২০ সালে জাতীয় পর্যায়ে পুরুষ এককের চ্যাম্পিয়ন হন এবং ২০২২ সালে দক্ষিণ এশীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপে বালক দলগত বিভাগে শিরোপা জেতেন। অন্যদিকে, রিফাত মাহমুদ সাব্বির ২০২০ সালে জাতীয় পর্যায়ের পুরুষ এককে স্বর্ণপদক অর্জন করেন এবং ২০২২ সালের কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পুরুষ দলগত ইভেন্টে প্রতিনিধিত্ব করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights