বগুড়ায় স্কুলবাস খাদে পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর
বিশেষ প্রতিনিধি, বগুড়া
বগুড়ায় বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের স্কুলবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কানিজ ফাতেমা সোহা (১৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাসের হেলপারসহ আরও ১০জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া সদরের মাটিডালী-পীরগাছা সড়কের পল্লীমঙ্গল ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত কানিজ ফাতেমা সোহা বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, বগুড়া শহরের বিসিক এলাকা থেকে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের স্কুলবাস বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে স্কুল ছুটির পর পীরগাছা ও সাবগ্রামগামী শিক্ষার্থীদের নিয়ে বাসটি রওনা হয়। বিকেল সোয়া ৫টার দিকে পল্লীমঙ্গল ইটভাটার কাছে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের ভেতরেই কানিজ ফাতেমা সোহা মারা যায়। স্থানীয় লোকজনের সহায়তায় বাসে থাকা শিক্ষার্থীদের উদ্ধার করা হয়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে বাসের হেলপার একরামুল হক এবং শিক্ষার্থী সামিউল মাহি ও সিনথিয়া মিমির অবস্থা গুরুতর।
স্থানীয় বাসিন্দা এনামুল হক মণ্ডল জানান, দুর্ঘটনাস্থলের পাশে ইটভাটা রয়েছে। ইটভাটা থেকে আনা ইট সড়কের ওপর রেখে ভাঙার কাজ চলছিল। এতে সড়কের একাংশ সংকুচিত হয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল।
দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক তৌফিকুর রহমানও আহত শিক্ষার্থীদের খোঁজখবর নেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
