বগুড়ার সাবেক এমপি শরিফুল রাজধানীতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির জেলা কমিটির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহকে (৭৬) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (২৭ মার্চ) ভোরে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার মৃত আজিমদ্দিনের ছেলে।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি তিনি।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি বগুড়ার একটি বিশেষ দল ঢাকা মেট্রোপলিটন এলাকার রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে গত বছরের ৭ অক্টোবর শিবগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি মামলা (মামলা নম্বর-১৫) করা হয়েছিল। ওই মামলায় তিনি পলাতক ছিলেন।

এছাড়া তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক মামলাসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির এই ভাইস চেয়ারম্যানকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights