বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন শুরু

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে দুই দিন পর আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে এ ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার রাত দেড়টার দিকে ১২৫ মেগাওয়াট উৎপাদনক্ষমতাসম্পন্ন ইউনিটটি পুনরায় চালু করা হয়। চালুর পর থেকেই উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, যান্ত্রিক ত্রুটি মেরামতের পর ইউনিটটি চালু করা সম্ভব হয়েছে। তবে ইউনিটটির যন্ত্রাংশ পুরোনো হয়ে যাওয়ায় মাঝেমধ্যে এ ধরনের সমস্যা দেখা দেয়।

এর আগে শনিবার ভোর ৫টা ৫০ মিনিটে আকস্মিক যান্ত্রিক ত্রুটির কারণে ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। তখন ইউনিটটি থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।

প্রধান প্রকৌশলী আরও জানান, বর্তমানে কেন্দ্রের ৩ নম্বর ইউনিট চালু রয়েছে। এ ইউনিট থেকে জাতীয় গ্রিডে ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট উৎপাদনক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিট ২০২০ সালের নভেম্বর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights