ভিক্ষুককে পিটিয়ে হত্যার অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইলে প্রতিবন্ধী ভিক্ষুককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হাবুল মিয়া (৫২) বরুহা গ্রামের মৃত মন্নাছ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত আনুমানিক পৌনে ৩টার দিকে বরুহা গ্রামের নিজ বাড়ির সামনের সড়কে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলাকারীরা তার কাছে থাকা টাকা-পয়সা নিয়ে যায়। বাকপ্রতিবন্ধী হওয়ায় তিনি চিৎকার করে কারও সাহায্য চাইতে পারেননি। তার গোঙানির শব্দ শুনে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি হুইলচেয়ারে চলাফেরা করতেন এবং তাড়াইল সিএনজি স্ট্যান্ডে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, নিহতের খালাতো ভাই আলমগীর হোসেন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ২-৩ জনকে আসামি করে একটি মামলা করেছেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights