বড় কাটছাঁট তথ্যপ্রযুক্তি বাজেটে

অনলাইন ডেস্ক

২০২৫–২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তথ্যপ্রযুক্তি খাতে বড় রকমের বরাদ্দ কমিয়ে রাখা হয়েছে মাত্র ১০০ কোটি টাকা, যা ২০২৪–২৫ অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ২ হাজার ৭৭২ কোটি টাকা কম।

সোমবার (২ জুন) বিকেলে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে জাতির সামনে নতুন অর্থবছরের বাজেট পেশ করেন। প্রস্তাবিত বাজেটের মোট আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি বছরের মূল বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম।

চলতি ২০২৪–২৫ অর্থবছরের মূল বাজেটে তথ্যপ্রযুক্তি বিভাগের জন্য ২ হাজার ৮৭২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। কিন্তু সংশোধিত বাজেটে তা কমে আসে মাত্র ১০০ কোটিতে। আগের অর্থবছর ২০২৩–২৪ এ এ খাতের বরাদ্দ ছিল ২ হাজার ৩৬৮ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে কিছুটা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৩৮৩ কোটি টাকা।

বাজেট বক্তৃতায় ড. সালেহউদ্দিন বলেন, “তথ্যপ্রযুক্তি খাতে তরুণ উদ্যোক্তাদের উৎসাহ দিতে স্টার্টআপ তহবিল হিসেবে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।”

তিনি আরও জানান

৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি ডিজিটাল ল্যাব স্থাপন,
৩০০ শিক্ষা প্রতিষ্ঠানে ‘আইসিটি স্কুল অব ফিউচার’ চালু,
এবং ৪৯১টি উপজেলায় ‘উপজেলা সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র’ নির্মাণ প্রকল্প চলমান রয়েছে।
তবে তথ্যপ্রযুক্তির বিপুল সম্ভাবনার প্রেক্ষাপটে খাতে বরাদ্দ হ্রাস নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন, কারণ তা ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপরেখার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে অভিমত বিশ্লেষকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights