বদলাচ্ছে ৫০ বছরের পুরোনো ‘সার্ভিস কানেকশন’
রেজা মুজাম্মেল, চট্টগ্রাম
চট্টগ্রাম ওয়াসা নগরে পানি সরবরাহ করে ৫০ বছরের পুরোনো পাইপলাইন (সার্ভিস কানেকশন) দিয়ে। কিন্তু এগুলো অনেকটাই জরাজীর্ণ, লিকেজ, ম্যানুয়াল, নষ্ট ও ফুটো হয়ে যাওয়ার অবস্থা। নিতে পারে না পানির চাপ। ফলে বিভিন্ন সময় ফুটো হয়ে নষ্ট ও অপচয় হয় পানি। দুর্ভোগে পড়তে হয় গ্রাহকদের।
তবে চট্টগ্রাম ওয়াসা ৫০ বছরের পুরোনো পাইপ লাইন মেরামত ও নতুন করে স্থাপনের উদ্যোগ নিয়েছে। ‘চট্টগ্রাম ওয়াটার সাপ্লাই ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (সিডব্লিউএসআইপি)’ শীর্ষক ৩ হাজার ৯২১ কোটি টাকার প্রকল্পের ইতোমধ্যে প্রয়োজনীয় কাজ শেষ। আগামী ডিসেম্বরে দরপত্র আহ্বান ও আগামী বছরের মার্চে কার্যাদেশ প্রদান করার কথা। প্রকল্পের আওতায় মহানগরের দীর্ঘদিনের পুরোনো পাইপ অপসারণ করে প্রায় ৩৫০ কিলোমিটার নতুন পাইপ প্রতিস্থাপন ও ১ লাখ গ্রাহককে ডিজিটাল মিটারের আওতায় আনা হবে। এর মাধ্যমে ওয়াসার ৫০ বছরের জীর্ণশীর্ণ পাইপ পুনঃস্থাপন করা হবে। চট্টগ্রাম ওয়াসা প্রতিষ্ঠা হয় ১৯৬৩ সালে। ওয়াসা সূত্রে জানা যায়, প্রকল্পটি ২০২৫ সালের ২০ এপ্রিল একনেক সভায় অনুমোদন দেওয়া হয়। প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৯২১ কোটি টাকা। এর মধ্যে ৩ হাজার ২৬৮ কোটি টাকা অর্থায়ন করবে বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) এবং সরকার দেবে ৫৭৮ কোটি। এ প্রকল্পে চট্টগ্রাম ওয়াসা নিজস্ব তহবিল থেকে জোগান দেবে ৭৪ কোটি টাকা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে চট্টগ্রাম ওয়াসা ২০৩০ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত করবে।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, ওয়াসার ৫০ বছরের পুরোনো পাইপ পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরে দরপত্র আহ্বান এবং মার্চে কার্যাদেশ দেওয়া হবে। প্রকল্পের পরিচালক প্রকৌশলী রেজাউল আহসান চৌধুরী বলেন, নগরের বিভিন্ন এলাকার প্রায় ৩৫০ কিমি পুরোনো পাইপ পরিবর্তন করা হবে। ওয়াসা সূত্রে জানা যায়, বর্তমানে ওয়াসার নগরীর ১৬৮ দশমিক ২১ বর্গ কিলোমিটার এলাকায় প্রায় ১৩০০ কিলোমিটার পাইপলাইন নেটওয়ার্ক আছে। এর মধ্যে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প-০১ এর অধীনে ৪৫ কিলোমিটার, চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশন প্রকল্পের (সিডব্লিউএসআইএসপি) অধীনে ১৫০ কিলোমিটার পাইপলাইন নেটওয়ার্ক প্রতিস্থাপন করা হয়েছিল। তাছাড়া কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প-০২ এর অধীনে শহরের মধ্যবর্তী স্থান থেকে ৫৫ বর্গ কিলোমিটার এলাকায় ৭০০ কিলোমিটার পাইপলাইন প্রতিস্থাপন হয়েছে। প্রকল্পটির অধীন ডিস্ট্রিক্ট মিটারিং এরিয়া-ডিএমএ প্রযুক্তি স্থাপন করা হয়। স্থাপিত ৫৯টি ডিএমএর মাধ্যমে পানি সরবরাহের পরিমাণ ও চাপ সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা হয়। এর বাইরে নগরীর পতেঙ্গা, কাট্টলী, জাকির হোসেন সড়ক, দক্ষিণ খুলশী, ফয়’স লেক, আকবর শাহ ও হাটহাজারীর পানি সরবরাহ ব্যবস্থা প্রায় ৪০০ কিলোমিটার পুরাতন পাইপলাইন দিয়ে চলছিল। নগর ছাড়াও ভান্ডালজুড়ির পানি সরবরাহ প্রকল্পের মাধ্যমে বোয়ালখালী, পটিয়া ও আনোয়ারা তিন উপজেলায় নতুন করে ১৩৩ কিলোমিটার পাইপলাইন নেটওয়ার্ক স্থাপন করা হচ্ছে। বর্তমানে ওয়াসার মোট গ্রাহক ১ লাখ ৪ হাজার ৫১১টি। এর মধ্যে প্রায় ৯৩ শতাংশই আবাসিক। নগরে দৈনিক পানির চাহিদা ৫৫ কোটি লিটার ও উৎপাদন হয় ৫০ কোটি লিটার। ওয়াসা বর্তমানে চারটি শোধনাগার থেকে নগরে পানি সরবরাহ করে। এর মধ্যে মধ্যে রাঙ্গুনিয়া পানি শোধনাগার-১ ও ২ প্রকল্প থেকে দৈনিক ১৪ কোটি লিটার করে মোট ২৮ কোটি লিটার। মোহরা পানি শোধনাগার ও মদুনাঘাট পানি শোধনাগার থেকে ৯ কোটি করে মোট ১৮ কোটি লিটার। এ ছাড়া ৭০টি গভীর নলকূপ থেকে উত্তোলন করা হয় প্রায় ৫ কোটি লিটার। নগরের প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ করা হয়। ওয়াসার পানি উৎপাদনের মূল উৎস কর্ণফুলী ও হালদা নদী।
