বনবিভাগের পাহারাদার হত্যায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে পেকুয়া উপজেলার টৈটং এ বনবিভাগের পাহারাদার মিয়া জানকে হত্যার দায়ে ১ জনকে মৃত্যুদণ্ড ও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
মিয়া জানকে হত্যার ৩৪ বছর পর আজ সোমবার দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুল এলাহী এই রায় ঘোষনা করেন।
এতে অভিযুক্ত এনামুল হককে মৃত্যুদণ্ড দেয়া হয়। তবে রায় ঘোষনার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন না। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন ইউনুছ,নুরু ও সাবেক চেয়ারম্যান কামাল হোসেন। তারা আদালতে উপস্থিত ছিলেন। আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট সুলতানুল আলম এই তথ্য নিশ্চিত করেন।
প্রাপ্ত তথ্যমতে, ১৯৮৯ সালের ১৯ জুলাই তৎকালীন চকরিয়া থানার টৈটং উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশের ফাতেমা আক্তারের বাড়িতে রাখা বনের কাঠ উদ্ধার করতে গিয়ে আসামিদের হাতে খুন হন মিয়া জান।
