বনশ্রীতে পথকুকুরকে খাবার দেওয়ায় তরুণীকে মারধরের অভিযোগ
অনলাইন ডেস্ক
রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দেওয়াকে কেন্দ্র করে সুমাইয়া রহমান নামে এক তরুণীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। কিল-ঘুষি ও লাথিতে আহত হওয়ার পর বুধবার খিলগাঁও থানায় অভিযোগ করেছেন ওই তরুণী।
মঙ্গলবার রাত ১০টার দিকে বনশ্রীর এফ ব্লকের ৮/৩ নম্বর সড়কের লাল মিয়া গলিতে এ ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
সুমাইয়ার অভিযোগ, কয়েকটি পথকুকুরকে খাবার দেওয়ার সময় স্থানীয় একটি কাপড়ের দোকানের সামনে থাকা এক কিশোর তাকে সেখান থেকে সরে যেতে বলে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ২০ থেকে ২২ বছর বয়সী এক যুবক তার মুখে ঘুষি মারেন।
এরপর আরও কয়েকজন সেখানে এসে তাকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন বলে অভিযোগ করেন সুমাইয়া। তার দাবি, প্রায় আধা ঘণ্টা ধরে তাকে মারধর ও লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় তার মুখ, চোয়াল, চোখের নিচে ও হাতে আঘাত লাগে। বুধবার সকালে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন তিনি।
খিলগাঁও থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বুধবার সুমাইয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগের পর বিকেলে তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
তিনি আরও জানান, হামলায় কারা জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
