বন্যার্তদের সহযোগিতায় পায়রা বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা

পটুয়াখালী প্রতিনিধি

পায়রা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীর একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হবে বন্যায় আক্রান্তদের জন্য। পাশাপাশি বন্যার্তদের জরুরি খাদ্য সহায়তার জন্য শুকনা খাবারসহ অন্যান্য সামগ্রীর ৭০০ প্যাকেট ঢাকার নৌবাহিনীর ঘাটিতে প্রদান করা হয়েছে, যা আগামীকাল রবিবার দুর্গতদের মাঝে বিতরণ করা হবে।

পায়রা বন্দরের উপ-পরিচালক ট্রাফিক আজিজুর রহমান জানান, বন্যার্ত ৭০০ পরিবারকে সহায়তা করার জন্য শুকনা খাদ্য, বিস্কুট, চিড়া, পানি, ওষুধ ইত্যাদিসহ ৭০০ প্যাকেট খাদ্যসামগ্রী ঢাকাস্থ নৌবাহিনী ঘাটিতে প্রদান করা হয়েছে। যা আগামী ২৫ আগস্ট ফেনি/পশুরাম এলাকায় নৌবাহিনীর নিয়োজিত কন্টিনজেন্টের মাধ্যমে বিতরণ করা হবে।

প্রতিটি প্যাকেটে মুড়ি ১ কেজি, চিড়া ১ কেজি, বিস্কুট ১০ প্যাকেট, খেজুর ১০০ গ্রাম, কাস্টাড কেক ৩ পিচ, ওরস্যালাইন ৮টি, চিনি ১ কেজি, মোমবাতি ২টি, লাইটার ১টি ও পানি ২.৫ লিটার করে দেওয়া হবে।
এ ছাড়াও ভয়ানকভাবে আক্রান্ত বন্যার্তদের মানবিক সহায়তায় অত্র সংস্থার কর্মকর্তা/কর্মচারীদের স্বেচ্ছায় একদিনের বেতনের সমপরিমাণ অর্থ শিগগিরই মন্ত্রণালয়ের মাধ্যমে যথাযথ তহবিলে জমা প্রদান করা হবে।

এ লক্ষ্যে পায়রা বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগের পাইলট মেহেদি হাসানকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করে কমিটি ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights