বন্যার কবলে দুবাই

অনলাইন ডেস্কv
অস্বাভাবিক ভারী বর্ষণের ফলে বন্যার কবলে পড়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। বৈরি আবহাওয়ার জেরে বাতিল হয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের অন্তত ১৩টি ফ্লাইট। সংবাদমাধ্যম ডন তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, অঞ্চলটিতে বৃষ্টি-বন্যা বেশ বিরল হলেও বৃহস্পতিবার ও শুক্রবার টানা দু’দিন ধরে চলে ভারি বর্ষণ। এতেই তৈরি হয় বন্যা পরিস্থিতি। তলিয়ে গেছে বহু এলাকার রাস্তাঘাট, আবাসিক এলাকা। বাড়িঘর, হোটেল, বাণিজ্যিক প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি।

জলাবদ্ধ এলাকাগুলো থেকে পানি সরিয়ে নিতে ৩০০ টিরও বেশি পানি নিষ্কাশন পাম্প বসিয়েছে কর্তৃপক্ষ। বন্ধ করে দেওয়া হয়েছে সমুদ্র সৈকত, পার্কসহ অনেক পর্যটন কেন্দ্র। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ গৃহে অবস্থান করে কাজের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

দুবাই এয়ারপোর্টসের এক মুখপাত্র বলেছেন, বৈরী আবহাওয়ার কারণে কিছু ফ্লাইট বাতিল বা দেরিতে ছাড়া হয়েছে।

গত বছর রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে দুবাইয়ে ব্যাপক বন্যা দেখা দেয় এবং দুই হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

এদিকে আরব নিউজ ও খালিজ টাইমসের তথ্যমতে, সৌদি আরব ও কাতারের বিভিন্ন অঞ্চলে বুধবার ও বৃহস্পতিবার অপ্রত্যাশিতভাবে তুষারপাত হয়েছে।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কাতারের বিস্তীর্ণ এলাকাও ইতোমধ্যে তুষারে ঢাকা পড়েছে এবং তারা সেই দৃশ্যের ভিডিও শেয়ার করেছে।

সূত্র: ডন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights