বরিশালে ডেঙ্গুর তীব্র প্রকোপ, বরগুনা হটস্পটে

অনলাইন প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৮৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মধ্যে ২৬১ জনই বরিশাল বিভাগের। বরিশাল বিভাগ হিসেবে ডেঙ্গু সংক্রমণে শীর্ষে থাকলেও ভয়ংকর বিষয় হচ্ছে এই মশাবাহিত রোগটির প্রকোপ মোটেও সিটি করপোরেশন বা বিভাগীয় শহর এলাকায় নয়। ডেঙ্গু মূলত ভয়াবহ আকার ধারণ করেছে বরগুনার মতো প্রান্তিক জেলায়।

জানা গেছে, বরগুনা জেলার পৌর এলাকাই মূলত ডেঙ্গুর হটস্পট। ঘরে ঘরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এমনকি প্রাণঘাতী এই রোগটি গ্রামাঞ্চলেও ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে।

এ পর্যন্ত সারা দেশে ৫ হাজার ৩০৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু বরগুনা জেলাতেই আক্রান্ত হয়েছেন ১৪শ’র বেশি মানুষ। অর্থাৎ ডেঙ্গুর পরিপূর্ণ মৌসুম শুরুর আগেই ভয়ংকর হয়ে উঠেছে বরগুনার ডেঙ্গু পরিস্থিতি। মোট আক্রান্তের ২৪ শতাংশ এই জেলাটির। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে বরগুনার স্থানীয় হাসপাতালগুলো।

এ বছর (২০২৫) এখন পর্যন্ত বরিশাল বিভাগে ২ হাজার ১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। যার মধ্যে ৫৮ শতাংশ রোগীই বরগুনার। চলতি বছর বিভাগটিতে মারা যাওয়া চারজনের মধ্যে তিনজনই বরগুনার বাসিন্দা। গত বছর বিভাগে ৮ হাজার ৪৫৭ জন হাসপাতালে এসেছিলেন। এর মধ্যে বরগুনারই ছিলেন ২ হাজার ৩৬৭ জন।

তবে বরগুনা কিভাবে ডেঙ্গুর হটস্পট হয়ে উঠলো তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান বা গবেষণা না থাকায় এই প্রশ্নের উত্তরও পাওয়া যাচ্ছে না। এছাড়া ডেঙ্গুর বিস্তার রোধে হাতে নেয়া জাতীয় কার্যক্রমগুলো ধীরগতি। জেলা শহরগুলোতেও ডেঙ্গুর কার্যক্রম দায়সারা বলেই জানাচ্ছেন ভুক্তভোগীরা।

তবে সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা না নিলে ডেঙ্গুও করোনার মতো মহামারী রূপ নিতে পারে। দেশের তুলনামূলক প্রান্তিক এলাকাগুলোতেও ডেঙ্গুর এমন বিস্তার অশনি সংকেতই দিচ্ছে। একসময় ডেঙ্গু নগরের রোগ হিসেবে পরিচিত থাকলেও গত কয়েক বছরে সেই ধারণা পাল্টে দিচ্ছে এডিস মশাবাহিত এই রোগটি।

আজ বুধবারও স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানানো ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৮৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights