বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে গোটা বিভাগে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ২৪ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ৬২ জন রোগী চিকিৎসাসেবা নিতে ভর্তি হয়েছেন। এ নিয়ে গোটা বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ২৯৯ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরগুনার বেতাগী উপজেলার ফুলতলা এলাকার আব্দুর রহিম (২৭) বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৬২ ডেঙ্গুরোগীর মধ্যে ১৭ জন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ৪ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ দুই হাসপাতালে বর্তমানে ৮৫ ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়াও বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে ৩ জন, পটুয়াখালীতে ২ জন, ভোলায় ৯ জন, পিরোজপুরে ৫ জন, বরগুনায় ২১ জন ও ঝালকাঠিতে ১ জন রোগী গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ৩ হাজার ৫৩৭ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ২১৪ জন।

এদিকে চলতি বছর গোটা বিভাগে ২৪ ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ ১৮ জন, বরগুনায় দুইজন, পটুয়াখালীতে ১ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, ভোলায় ১ জন ও পিরোজপুরে একজনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights