বরিশালে যাত্রীবেশে অটোরিক্সা ছিনতাই, আটক ২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরীতে যাত্রীবেশে অটোরিক্সা ছিনতাই করে পালানোর সময় দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। শুক্রবার রাতে ছিনতাইয়ের এই ঘটনা ঘটে।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা হয়েছে। আটক ছিনতাইকারীরা ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন ওসি জাকির হোসেন শিকদার।
আটককৃতরা হলো বরিশাল জেলার বাকেরগঞ্জের দিয়াতলী গ্রামের নাসির উদ্দিন হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার (২১) ও ঝালকাঠি জেলার নলছিটির শীতলাপাড়া গ্রামের খলিল হাওলাদারের ছেলে আল আরাফাত ইয়াছিন (২০)।
ভুক্তভোগী অটোরিক্সা চালক মো. সাফিন (১৭) বলেন, যাত্রীর জন্য নথুল্লাবাদ বাস টার্মিনালে দাঁড়িয়ে ছিলাম। তখন ওই দুই যুবক ১০০ টাকা ভাড়ায় গুঠিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথে চন্দ্রপাড়া এলাকায় অটোরিক্সা থামিয়ে চাকু দেখিয়ে পকেটে থাকা টাকা ৪৯০ টাকা ও অটোরিক্সা ছিনিয়ে নেয়। এরপর তারা মুখ বেঁধে রাস্তার পাশে ফেলে রাখে। এ ঘটনা আরেক অটোরিক্সা চালক দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ ও স্থানীয় জনতা দুই যুবককে আটক করে। তাদের কাছ থেকে ছিনতাই করা অটোরিক্সা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
