বরিশালে শুরু হয়েছে আটদিন ব্যাপী বইমেলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :
বরিশাল নগরীতে জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে শুরু হয়েছে আটদিন ব্যাপী বিভাগীয় বইমেলা। বুধবার বিকেলে নগরীর বেলস পার্ক মাঠে শুরু হওয়া বই মেলার উদ্বোধন করেন ধর্ম মন্ত্রনালয়ের সচিব (পিএলআর) মু. আ. হামিদ জমাদ্দার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বই হচ্ছে অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে সেতুবন্ধনকারী। নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বই পড়ার কোন বিকল্প নেই। তাই অন্ধকার থেকে আলোর পৃথিবীতে আসতে হলে বই পড়তে হবে।

অনুষ্ঠানের সভাপতি বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার বলেন, বইকে বন্ধু হিসেবে গ্রহণ করলে কেউ পথ হারায় না। দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে বেশি বেশি বই পড়ারও আহ্বান জানান তিনি।

আরও বক্তৃতা করেন বরিশাল রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক মো. মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বরিশাল বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় শুরু হওয়া মেলা আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে। বইমেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রকাশনী ও সংস্থার মোট ৭৭টি স্টল থাকবে।

এছাড়া বিভাগীয় প্রশাসন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ এবং সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল টিমের আরো তিনটি স্টল থাকবে। প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা এবং শুক্র ও শনিবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights