বর্ণবাদের অভিযোগে বিশ্বকাপের ম্যাচ ছেড়ে গেল ইংল্যান্ড
অনলাইন ডেস্ক
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে বর্ণবাদের অভিযোগ তুলে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ মাঝপথে ছেড়ে মাঠ থেকে বেরিয়ে গেছে ইংল্যান্ডের যুবারা। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ তোলার পর এ ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দেখার কথা জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
আজারবাইজানের বাকুতে চলমান টুর্নামেন্টের গ্রুপ ‘সি’-এর ম্যাচের শেষ দিকে এ ঘটনা ঘটে। তখন ৪-১ গোলে এগিয়ে ছিল আয়ারল্যান্ড। মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর ইংল্যান্ডের এক খেলোয়াড় ডাগআউটের দিকে চলে যান। অভিযোগ, আয়ারল্যান্ডের এক খেলোয়াড় তাঁকে ‘বানর’ বলে গালি দিয়েছেন।
বিষয়টি কোচিং স্টাফকে জানানোর পর ইংল্যান্ডের প্রধান কোচ ম্যাট থর্প রেফারির সঙ্গে কথা বলেন। একপর্যায়ে তিনি নিজের খেলোয়াড়দের মাঠ ছেড়ে যাওয়ার নির্দেশ দেন। পরে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৫ দলের এক সহকারী কোচ রেফারিকে জানান, বর্ণবাদের অভিযোগ তোলা হয়েছে এবং তাঁদের দল আর খেলা চালিয়ে যেতে চায় না।
ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে সংস্থাটি অবগত রয়েছে। ইংল্যান্ড খেলা চালিয়ে যেতে অস্বীকৃতি জানানোর পর রেফারি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আনুষ্ঠানিক প্রতিবেদন সংগ্রহের পর বিষয়টি ফিফার স্বাধীন শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হবে। পরবর্তী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেবে ওই কমিটি।
এদিকে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে তারা ঘটনার বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে। পাশাপাশি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং খেলোয়াড় ও দলের কর্মকর্তাদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।
চলমান টুর্নামেন্টে এর আগে কম্বোডিয়া, মন্টেনেগ্রো ও নিকারাগুয়ার বিপক্ষে তিনটি ম্যাচেই জয় পেয়েছে ইংল্যান্ড। পরবর্তী ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হওয়ার কথা দলটির।
প্রথমবারের মতো আয়োজিত ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে অংশ নিচ্ছে ১৮৯টি দেশ ও অঞ্চল। প্রতিটি দলে আটজন করে খেলোয়াড় নিয়ে ছোট মাঠে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচগুলো। খেলা হচ্ছে দুই অর্ধে, প্রতিটি অর্ধের দৈর্ঘ্য ২০ মিনিট।
