বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন অসচ্ছল নারীরা

অনলাইন ডেস্ক

নেত্রকোনা পৌর শহরের কুরপাড় এলাকায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে আয়োজিত এ প্রশিক্ষণ কার্যক্রমে ২০ জন বিধবা, অসচ্ছল ও দরিদ্র নারী এবং শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

শনিবার কুরপাড় মাস্টার বাড়ি এলাকায় প্রশিক্ষণার্থী ও বসুন্ধরা শুভসংঘের সদস্যদের অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ নেত্রকোনা শাখার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম টনির সঞ্চালনায় প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, শিক্ষানুরাগী, বসুন্ধরা শুভসংঘের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। তারা এ উদ্যোগকে অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

প্রশিক্ষণ কেন্দ্রটিতে দক্ষ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন মদিনা আক্তার। আগামী তিন মাস ধরে অংশগ্রহণকারীদের হাতে-কলমে সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারেন।

প্রশিক্ষণে অংশ নেওয়া এক বিধবা নারী আবেগঘন প্রতিক্রিয়ায় জানান, স্বামী মারা যাওয়ার পর সন্তানদের নিয়ে তাকে অনেক কষ্টে জীবনযাপন করতে হচ্ছে। তিনি বলেন, “এই প্রশিক্ষণ শেষে যদি একটি সেলাই মেশিন পাই, তাহলে কাজ করে সংসারের খরচ চালাতে পারব এবং মেয়ের লেখাপড়ার খরচ বহন করতে সক্ষম হব। বসুন্ধরা শুভসংঘ আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে।”

বক্তারা বলেন, বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে তোলা, নতুন উদ্যোক্তা তৈরি এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তায় কাজ করে যাচ্ছে। সেলাই প্রশিক্ষণ ও পরবর্তীতে সেলাই মেশিন প্রদান কার্যক্রম নারীদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনায় বসুন্ধরা শুভসংঘ সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights