বাংলাদেশের নতুন চিঠিতে বিশ্বকাপ নাটকে ফের উত্তাপ

অনলাইন ডেস্ক

অনেক নাটকীয়তার পর গত বুধবার আইসিসি বাংলাদেশকে জানিয়ে দেয়, ভারতে গিয়েই টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হবে। তবে এই নির্দেশনার পরও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বলেই স্পষ্টভাবে জানিয়েছে বিসিবি।

এরপর একই অবস্থান জানিয়ে আইসিসিকে আবারও একটি ইমেইল পাঠিয়েছে বিসিবি। সেই চিঠিতে আগের অবস্থানের সঙ্গে যুক্ত হয়েছে নতুন একটি দাবি। ভেন্যু পরিবর্তনের বিষয়টি যেন আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানো হয়, সে অনুরোধ জানানো হয়েছে। কোনো বিষয় নিয়ে বিতর্ক তৈরি হলে আইসিসির স্বাধীন আইনজীবীদের সমন্বয়ে গঠিত এই কমিটি সেটির নিষ্পত্তি করে থাকে।

এর আগে বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, সরকারের এই সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই।

বুধবার বাংলাদেশকে নির্দেশনা দেওয়ার পর থেকে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এ বিষয়ে পুরোপুরি নীরব রয়েছে।

২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপের বি গ্রুপে বাংলাদেশের সবগুলো ম্যাচই ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা। সূচি অনুযায়ী প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইতে হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের আপত্তি সত্ত্বেও এখন পর্যন্ত এই সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

অন্যদিকে বাংলাদেশও নিজেদের অবস্থান থেকে এক পা-ও নড়েনি। ফলে বর্তমান পরিস্থিতিতে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিতই থেকে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights