বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
অনলাইন প্রতিবেদক
বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার কুমিল্লা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
এ সময় সেনাবাহিনী প্রধান তাঁর বক্তব্যে একজন সেনাসদস্যের পেশাগত উৎকর্ষতা অর্জনে ফায়ারিং এ দক্ষতা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন, যা সেনাসদস্যদের মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর সেনাবাহিনীর এই ফায়ারিং প্রতিযোগিতা সেনাসদস্যদের কাঙ্খিত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তিনি মত প্রকাশ করেন
প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হয়। শ্রেষ্ঠ ফায়ারার হন ১৭ পদাতিক ডিভিশনের সৈনিক পিয়াল মন্ডল, দ্বিতীয় শ্রেষ্ঠ ফায়ারার ১০ পদাতিক ডিভিশনের সৈনিক তানভীর হোসেন এবং শ্রেষ্ঠ মহিলা ফায়ারার হওয়ার কৃতিত্ব অর্জন করেন ২৪ পদাতিক ডিভিশনের সৈনিক জবা আক্তার।
উল্লেখ্য, গত ১৬ মে ২০২৬ তারিখে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এই ফায়ারিং প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর সকল ফরমেশন, লজিস্টিকস্ এরিয়া, ৫টি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ সর্বমোট ১৭টি দল অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স (এমজিও); কমান্ড্যান্ট, বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি; জেনারেল অফিসার কমান্ডিং, ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া; জেনারেল অফিসার কমান্ডিং, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া; সেনাসদর ও ফরমেশনসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
