বাংলার ঐতিহ্যকে চিত্রশিল্পের মাধ্যমে সারাবিশ্বে তুলে ধরেছেন এসএম সুলতান: সংস্কৃতি প্রতিমন্ত্রী

নড়াইল প্রতিনিধি :

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি বলেছেন, বাংলার ঐতিহ্যকে চিত্রশিল্পের মাধ্যমে সারাবিশ্বে তুলে ধরেছেন বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান। তার অংকিত চিত্রে গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষের জীবনচিত্র ফুটে উঠেছে। শিল্পী সুলতান সামনে থেকে নেতৃত্ব দিয়ে এ দেশকে এগিয়ে নিয়ে গেছেন।

তিনি সোমবার দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্ত্বরে অনুষ্ঠিত ১৫ দিনব্যাপী সুলতান মেলার সমাপনী ও সুলতান পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মন্ত্রী আরও বলেন, নড়াইল কৃষ্টি কালচার, সাহিত্য ও শিল্প সংস্কৃতিতে সম্মৃদ্ধ। এ জেলায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী এসএম সুলতান, শিল্পী উদয় শংকর, রবিশংকর, প্রখ্যাত সাহিত্যিক নীহার রঞ্জন গুপ্ত, কবিয়াল বিজয় সরকার, ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাসহ অসংখ্য গুণী মানুষের জন্ম। এখানকার এসএম সুলতানের বাড়িসহ বরেণ্য ব্যক্তিদের জন্মভিটা সংস্কারের মধ্য দিয়ে সংরক্ষণ করে পর্যটকদের জন্য আকর্ষণীয় করা হবে।
সুলতান ফাউন্ডেশনের পক্ষ থেকে মন্ত্রীকে সম্মাননা প্রদান করা হয়। এ অনুষ্ঠানে চিত্রশিল্পী নাসিম আহমেদ নাদভীর হাতে ‘সুলতান পদক’ তুলে দেন প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান।

আলোচনা সভা শেষে মন্ত্রী চিত্র প্রদর্শন গ্যালারি, শহরের মাছিমদিয়াস্থ চিত্রশিল্পী সুলতানের বাসভবন, সরকারি ভিক্টোরিয়া কলেজের পুরাতন ভবন পরির্দশন করেন।

জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মর্তুজা।

বিশেষ অতিথি ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক খান শাহাবুদ্দিন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপ-পরিচালক মো. রেজাউল হাসেম। জেলা প্রশাসন ও এস, এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে গত ১৫ এপ্রিল থেকে সুলতান মঞ্চ চত্ত্বরে এ মেলা শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights