বাকৃবিতে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা, উপস্থিতি ৯৬ শতাংশ

ময়মনসিংহ প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মানবিক বিভাগের অন্তর্ভুক্ত কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এবারে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির হার ৯৬ দশমিক ০৬ শতাংশ।

শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ১৭৭টি কক্ষে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাকৃবি কেন্দ্রে ৮ হাজার ৬৪৬ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮ হাজার ৩০৫ জন শিক্ষার্থী।

পরীক্ষায় প্রশ্ন ফাঁস বা অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির ডিন কাউন্সিলের আহ্বায়ক ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো নজরুল ইসলাম।
তিনি জানান, বাকৃবি কেন্দ্রে ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ঢাবির পাঁচ সদস্যের প্রতিনিধি দল কেন্দ্র পরিদর্শন করে সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

এর আগে পরীক্ষা চলাকালীন বাকৃবি কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। কক্ষ পরিদর্শন শেষে তিনি বলেন, বরাবরের মতো এবারও বাকৃবিতে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপস্থিতির হারও অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি। সারা দেশে কেন্দ্র হওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তি অনেক লাঘব হয়েছে। তারা নির্বিঘ্নে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights