বাগেরহাটে আইনজীবী নিজাম হত্যার ঘটনায় মামলা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দীন শান্তকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা হয়েছে। তবে ঘটনার ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও এ হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হত্যার কারণও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার রাতে নিহত আইনজীবীর স্ত্রী স্বপ্না আক্তার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ এবং এতে কারা জড়িত, তা জানতে তদন্ত চলছে। তবে এখনো নিশ্চিতভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান দীপু বলেন, নিজাম উদ্দীন শান্ত সমিতির সদস্য ছিলেন। তাঁকে পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান তিনি।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, নিহতের স্ত্রী অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন। হত্যার কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে দ্রুত দোষীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

এর আগে শুক্রবার গভীর রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় দুর্বৃত্তরা পথরোধ করে আইনজীবী নিজাম উদ্দীন শান্তকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও তিনি মারা যান।

নিহত নিজাম উদ্দীন শান্ত বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে। তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights