বাঘায় বসতবাড়ি থেকে দুই পিস্তল ও গুলি উদ্ধার, নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর বাঘায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাতটি তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় রোজিনা খাতুন (৩৬) নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তার স্বামী মো. রুবেল হোসেন (৪৪) পলাতক রয়েছেন।

রবিবার উপজেলার আলাইপুর নাপিতপাড়া মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। রাজশাহী জেলা ডিবির পরিদর্শক মোমিনুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

পুলিশ জানায়, আলাইপুর নাপিতপাড়া এলাকায় রোজিনা খাতুনের বসতবাড়ির শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় খাটের নিচ থেকে কাঠের বাটসদৃশ দুটি সচল পিস্তল, তিনটি মরিচাধরা খালি ম্যাগাজিন ও পিস্তলের সাতটি তাজা গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে রোজিনা খাতুন ও তার স্বামী রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযানকালে রোজিনাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হলেও রুবেল পালিয়ে যান।

গ্রেফতার রোজিনা খাতুন আলাইপুর নাপিতপাড়া গ্রামের আলতাব হোসেনের মেয়ে। তার স্বামী রুবেল হোসেন একই এলাকার আবদুস সামাদের ছেলে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গুলি এবং গ্রেপ্তার রোজিনা খাতুনকে রাজশাহী জেলা ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights