শিশু ধর্ষণের মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর হালিশহর থানার আট বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় আসামি মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রবিবার চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় দেন। দণ্ডিত মজিবর মৃধা (৬১) বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দিয়াতলী এলাকার মৃত কাদের মৃধার ছেলে।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, ৫ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

জানা যায়, আট বছরের শিশুটির মা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। ২০১৫ সালের ৭ ডিসেম্বর সকালে তিনি মেয়েকে পাশের একটি বাসায় রেখে কাজে চলে যান। এসময় বাসায় শিশুটি একা ছিল। এ সুযোগে আসামি প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের একটি বাসায় নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরদিন শিশুটি তার গোপনাঙ্গে প্রচণ্ড ব্যথা হচ্ছে জানিয়ে কান্নাকাটি ও চিৎকার করতে থাকে। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা করানো হয়। পরে শিশুটির মা বাদী হয়ে ১০ ডিসেম্বর হালিশহর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে হালিশহর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জমির উদ্দীন ২০১৬ সালের ১৩ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করে মামলাটির বিচার শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights