বাঘের সঙ্গে সেলফি! ছবির নেশায় পর্যটকদের বেপরোয়া কাণ্ড

অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ‘পারফেক্ট’ ছবি বা ভাইরাল ভিডিওর নেশায় অনেকেই এখন জীবনের ঝুঁকি নিচ্ছেন। সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি বাঘের ভিডিও যেন সেই বেপরোয়া আচরণেরই এক জ্বলন্ত প্রমাণ। ভিডিওটিতে দেখা যায়, একদল পর্যটক রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি বাঘের খুব কাছাকাছি গিয়ে ছবি তুলতে এবং ভিডিও করতে রীতিমতো গাড়ি থেকে নেমে পড়েছেন।

ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের তাদোবা-আন্ধারি টাইগার রিজার্ভের কাছের একটি রাস্তায়। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা পর্যটকদের এমন কাণ্ডজ্ঞানহীন আচরণের নিন্দা জানিয়েছেন। তাদের মতে, জঙ্গল সাফারির মূল উদ্দেশ্য হলো নিরাপদ দূরত্ব থেকে বন্যপ্রাণী দর্শন, তাদের বিরক্ত করা বা উসকে দেওয়া নয়।

ভাইরাল হওয়ার লোভে পর্যটকদের এমন বোকামির ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২৬ সালের জানুয়ারিতে উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যান সংলগ্ন ফাতো ইকো-ট্যুরিজম জোনে একটি বাঘকে দ্রুতগতিতে ধাওয়া করেছিল সাফারির গাড়ি। ওই ভিডিও সামনে আসার পর দুজন চালক ও গাইডকে সাফারি ডিউটি থেকে নিষিদ্ধ করে বন বিভাগ। এছাড়া ২০২৪ সালের নভেম্বরে মুদুমালাই টাইগার রিজার্ভে গাড়ি থেকে নেমে হরিণের পালকে ধাওয়া করায় তিন পর্যটককে ১৫ হাজার রুপি জরিমানা করা হয়েছিল।

বন কর্মকর্তা ও বন্যপ্রাণী বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বাঘ কোনো সেলফি তোলার উপকরণ নয়। গাড়ি থেকে নেমে বন্যপ্রাণীদের ঘিরে ধরা, তাদের পথ আটকে দেওয়া, ধাওয়া করা বা অতিরিক্ত শব্দ করা প্রাণীদের চরম মানসিক চাপে ফেলে এবং বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। প্রকৃতির আসল সৌন্দর্য উপভোগ করতে হলে বন্যপ্রাণীদের বিরক্ত না করে তাদের স্বাধীনভাবে চলাফেরার সুযোগ করে দেওয়াটাই সবচেয়ে জরুরি। এতে করে পর্যটকদের সুরক্ষার পাশাপাশি প্রাণীরাও হয়রানি ছাড়া বাঁচার সুযোগ পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights