বাজারে এসেছে রাজশাহীর আম

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে বাগান থেকে গুটি জাতের আম পাড়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্য জাতের আমও পাড়া হবে। গতকাল থেকেই রাজশাহীর বাজারে গুটি আম পাওয়া যাচ্ছে। এদিন সকালে রাজশাহী নগরী ও আশপাশের এলাকা ঘুরে চাষি ও ব্যবসায়ীদের আম পাড়তে দেখা গেছে।

পবার কুকণ্ডী ও বুধপাড়া এলাকা ঘুরে দেখা যায়, বাগানে অল্পসংখ্যক চাষি ও ব্যবসায়ী আম পাড়ছেন। তাদের দাবি, এখনো গুটি জাতের আম ভালোভাবে পাকেনি। তবে সময় ঘনিয়ে এসেছে, এখন গুটি জাতের সঙ্গে অন্য জাতের আমও পাকা শুরু হবে।

ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের বেঁধে দেওয়া সময় অনুযায়ী গুটি আম পাড়া শুরু হয়েছে। এখন অল্প আম পাড়া হচ্ছে। শনিবার বানেশ্বর হাট। হাটে আম নিয়ে যাবেন বিক্রির জন্য। রেজাউল করিম নামে এক চাষি জানান, এখন অল্প আম পাড়া হচ্ছে। কয়েক দিন পর বেশি করে পাড়া হবে। আনোয়ারুল হক নামে আরেক চাষি জানান, এবারের আম ভালো। বাজারে দামও পাবেন বলে আশাবাদী তিনি। কৃষি বিভাগ জানিয়েছে, অপরিপক্ব আম বাজারজাত ঠেকাতে এবং আমের গুণগত মান ঠিক রাখতে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী, ২২ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানীপছন্দ ও লক্ষণভোগ, ৩০ মে থেকে হিমসাগর ও খিরসাপাত সংগ্রহ করা যাবে। এ ছাড়া ১০ জুন থেকে ব্যানানা ম্যাঙ্গো ও ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপলি ও ফজলি বাজারজাত করা যাবে।

এদিকে বারি আম-৪ সংগ্রহ শুরু হবে ৫ জুলাই, আশ্বিনা ১০ জুলাই এবং গৌড়মতি ১৫ জুলাই থেকে সংগ্রহ করা যাবে। তবে কাটিমন ও বারি-১১ জাতের আম সারা বছরই সংগ্রহ করা সম্ভব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ১৯ হাজার ৬২ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে প্রায় ২ লাখ ৪৩ হাজার ৯৯৩ মেট্রিক টন, যার বাজারমূল্য প্রায় ৭৮০ কোটি টাকার বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights